সিলেটে ভারতীয় চকলেট ও কম্বলসহ দুইজন আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
সিলেটে ভারতীয় চকলেট ও কম্বলসহ দুইজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নগরীর শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টায় সিলেট-তামাবিল মহাসড়কের দাশপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট, ১ হাজার পিস গান্ডুর সাফারি চকলেট এবং ১৩টি ভারতীয় কম্বল। পুলিশের দাবি, এসব পণ্যের আনুমানিক মূল্য ৭৭ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মনছুর আলী (২৮) ও মো. কাউসার (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয় বলেও নিশ্চিত করেছে এসএমপি। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া এলাকায়।
অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (নং-২৪) দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।