১৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

দুই লাখ টাকার উপহারসহ সিলেটে ১২৬ দম্পতির গণবিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন


সমাজের পিছিয়ে পড়া, হতদরিদ্র, এতিম ও অসহায় ১২৬ জন তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো ব্যতিক্রমধর্মী এক গণবিয়ের মাধ্যমে। যৌতুকবিহীন এ আয়োজন ঘিরে নগরীতে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী তরুণদের চ্যারিটি সংস্থা ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়।

আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীদের স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ করে দেওয়া। অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেননি, তাদের জন্যই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়।

নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, যৌতুকবিহীন এ ধরনের গণবিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

‘সিডস অব সাদাকাহ’-এর সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ।

নবদম্পতিদের শুভকামনা জানিয়ে আয়োজকদের অন্যতম সদস্য ওরাকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এই সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাত্র-পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। ভিন্নধর্মী এ আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গণবিয়ে, যৌতুকবিহীন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ