১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

আজ শুভ নববর্ষ ১৪৩৩: সিলেট সেজেছে বর্ণিল সাজে, উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে ঘিরে সিলেট নগরীতে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। নববর্ষ ১৪৩৩ বরণে সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক উদ্যোগের আয়োজনে নগরজুড়ে সাজানো হয়েছে গান, নাচ, আবৃত্তি, শোভাযাত্রা ও নানা আয়োজন। মঙ্গলবার দিনভর নগরের বিভিন্ন স্থানে চলবে বর্ষবরণের অনুষ্ঠান।

 

শহরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে ‘আনন্দলোক’-এর উদ্যোগে সকাল থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, যা চলবে দুপুর পর্যন্ত। ব্লু বার্ড স্কুল মাঠে ‘শ্রুতি, সিলেট’ আয়োজন করেছে দিনব্যাপী অনুষ্ঠান। ভোরের পর থেকেই শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে এই আয়োজন। চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে ‘চারণ, সিলেট’ আয়োজন করছে আরেকটি বৈশাখী উৎসব।

 

কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ প্রাঙ্গণেও থাকছে আলাদা আয়োজন। শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। পরে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠিত হবে চিত্রপ্রদর্শনী।

 

নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়বে সিলেটের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং ঐতিহ্যবাহী এমসি কলেজে নববর্ষ উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসগুলো হয়ে উঠবে উৎসবমুখর।

 

এর আগে চৈত্রের শেষ বিকেলে নগরের চাঁদনীঘাটে বর্ষবিদায়ের অনুষ্ঠান আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন।

 

নববর্ষ উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলা। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে বইমেলার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

 

মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত বইমেলাটি সোমবার শুরু হয়ে চলবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত। ১৬টি স্টল নিয়ে শুরু হওয়া এই বইমেলায় বই বিক্রির পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায় এবং বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।

 

এছাড়া উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, প্রফেসর ফৌজিয়া আজিজ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগমসহ সংশ্লিষ্টরা।

 

মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অঘ্রাতা সৌরভ। সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম গুলজারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক স্মিতা নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি মইনুল হাসান আবিরসহ সংগঠনের সদস্যরা।

 

উদ্বোধনী পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের ২৩তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, ছন্দ নৃত্যালয়, এনডিএফ বিডি সিলেটসহ বিভিন্ন সংগঠন।

 

পহেলা বৈশাখ উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের রিপশা টিম, ডিস্ট্রিক্ট-৬৫ ও জোন-১ এর আয়োজনে নগরের মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই উৎসব।

 

আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ১১টায় অতিথিদের আগমন ও নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। সাড়ে ১১টায় উদ্বোধনী পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত এবং রোটারি ইনভোকেশন পরিবেশিত হবে। এরপর অতিথিদের বক্তব্য ও ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

 

দুপুর ১২টা থেকে শুরু হবে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, স্ট্যান্ড-আপ কমেডিসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। দুপুর দেড়টায় থাকবে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। বিকেল আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক আয়োজন, যেখানে লোকসংগীত, নাটিকা এবং ঐতিহ্যবাহী পোশাকে ফ্যাশন শো পরিবেশিত হবে। বিকেল ৪টায় পুরস্কার বিতরণী শেষে সংক্ষিপ্ত সমাপনী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

 

এদিকে নববর্ষ উদযাপন ঘিরে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপির এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্য ও গোয়েন্দা পুলিশও মাঠে দায়িত্ব পালন করবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

নববর্ষ-১৪৩৩, এসো হে বৈশাখ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ