০৩ মে ২০২৬

দৈনন্দিন

কুশিয়ারা নদীর পাড় কাটায় জড়িত থাকার অভিযোগে জগন্নাথপুরে ভূমি কর্মকর্তাকে শোকজ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর পাড় কাটার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন এ নোটিশ দেন।

 

শোকজপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদের বিরুদ্ধে অভিযোগ, গত ৯ এপ্রিল উপজেলা প্রশাসনকে না জানিয়ে এবং কোনো কমিটির সিদ্ধান্ত ছাড়াই রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন এলাকায় কুশিয়ারা নদীর পাড় কেটে ফেলেন। এতে একটি প্রভাবশালী চক্র জড়িত থেকে নদীর মাটি আত্মসাৎ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

স্থানীয়দের দাবি, এ ঘটনায় ভূমি কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে এবং তিনি ভূমিখেকোদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করতেন। এ নিয়ে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

 

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজুদ্দিন বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নদীর পাড় কাটছে। এতে নদী তীরবর্তী মানুষ আতঙ্কে রয়েছেন। জব্দ করা মাটি তার জিম্মায় রয়েছে বলেও জানান তিনি।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম আহমেদ বলেন, ‘শোকজের কথা শুনেছি। এখনো হাতে পাইনি। অফিসে গেলে জানতে পারব।’

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, ভুমি কর্মকর্তা সেলিম আহমেদ  সম্পূর্ণ একক সিদ্ধান্তে নদীর পাড়  কেটেছেন, যা তিনি কখনোই করতে পারেন না। তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে তাকে শোকজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কপি পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, কুশিয়ারা নদী, ভূমি কর্মকর্তা, শোকজ, সুনামগঞ্জ খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ