২৬ মে ২০২৬

দৈনন্দিন

৪ এপ্রিল-২০২৬

সিলেটে আজকের আলোচিত সব খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেট বিভাগে শুক্রবার রাত থেকে শনিবার (৪ এপ্রিল) দিনভর আলোচনায় ছিল নগরীতে প্রকাশ্যে ছিনতাই, পুলিশ কমিশনারের ‘বিশেষ ব্রিফিং’, হাম-রুবেলার সংক্রমণ পরিস্থিতি, হাওরাঞ্চলে বাঁধকেন্দ্রিক সংঘর্ষ, তালতলার ভাইরাল ভিডিও নিয়ে পুলিশের ব্যাখ্যা, তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জে মির্জা ফখরুলের বক্তব্য এবং সুনামগঞ্জে জলমহাল আইন নিয়ে ভূমিমন্ত্রীর মন্তব্য। 

 

চলুন, আর দেরি না করে জানা যাক, আজকের ঘটে যাওয়া সকল আলোচিত-সমালোচিত ঘটনাসমূহ: 

 

শিশুর গলায় ছুরি ধরে দিনে-দুপুরে শিক্ষকের টাকা লুট

 

আজকের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল নগরীতে প্রকাশ্যে এক কলেজ শিক্ষকের কাছ থেকে টাকা লুটের ঘটনা। ভুক্তভোগী শিক্ষক অহী আলম রেজা অভিযোগ করেন, দুপুরে ৩ বছরের ছেলেকে নিয়ে আম্বরখানা থেকে সিএনজিচালিত অটোরিকশায় শাহী ঈদগাহ এলাকায় যাওয়ার পথে ছিনতাইকারীরা তার শিশুসন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ২২ হাজার টাকা নিয়ে যায়। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নেয়নি ছিনতাইকারীরা।

 

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সিলেট ভয়েসকে জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষক অহী আলম রেজা।

 

‘বিশেষ ব্রিফিং’ ডেকে মানবিক গল্প শোনালেন কমিশনার

 

নগরীতে নিরাপত্তা পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা চলার মধ্যেই শুক্রবার রাতে পুলিশ কমিশনার হঠাৎ বিশেষ সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এক পথশিশু ফায়জা আক্তার মাইশার দায়িত্ব নিয়েছেন এক প্রবাসী ব্যবসায়ী। ঘটনাটি নগরজুড়ে মানবিক উদ্যোগ হিসেবে আলোচনায় আসে।

 

বিভাগজুড়ে নতুন করে ৮ জনের হাম শনাক্ত

 

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৮ জন হাম ও রুবেলা রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩০ জন ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে।

 

এদিকে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৭ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে মোট ৭০ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন।


হাওরে বাঁধ কাটা নিয়ে সুনামগঞ্জে পৃথক সংঘর্ষ

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় টগার হাওরে বাঁধ কাটা ও মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের কৃষকের মধ্যে সংঘর্ষ হয়েছে। পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের পেছনে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেছেন, কমিটির সিদ্ধান্তের আগে বাঁধ কাটা ঠিক হয়নি এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরেও বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

তালতলার ভাইরাল ভিডিও ‘ছিনতাই’ নয়, পূর্ব বিরোধের মারামারি: পুলিশ

 

সিলেট নগরীর তালতলায় ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছিনতাই’ বলে যে আলোচনা চলছে, তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।

 

এসএমপির দাবি, এটি দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে সংঘটিত মারামারির ঘটনা। ঘটনার সময় দুর্জয় অধিকারী নামের এক যুবক ভুল বোঝাবুঝির শিকার হয়ে আহত হন। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন: হবিগঞ্জে মির্জা ফখরুল

 

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কোন এক ব্যক্তির নির্দেশে কিছু হয়নি। সেদিন (১৯৭১ সালে) শেখ মুজিবুর রহমান বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েছিলেন তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’ 

 

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তাঁর এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

 

অতি উগ্রবাদী যেন বিশৃঙ্খলা করতে না পারে: সুনামগঞ্জে ভূমিমন্ত্রী

 

সুনামগঞ্জে সরকারি জলমহাল আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ কর্মশালায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, অতি উগ্রবাদী যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দেশপ্রেমিক নাগরিকদের সতর্ক থাকতে হবে।

 

তিনি বলেন, জলমহাল ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

 

প্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের সিলেটজুড়ে আলোচনার সর্বশেষ আপডেট। এরকম আরও ঘটনা জানতে প্রতিনিয়ত চোখ রাখুন দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম সিলেট ভয়েস-এ। ধন্যবাদ সবাইকে।  


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটজুড়ে, আলোচনা-সমালোচনা, সিলেট, সিলেট বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ