সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল।
শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু এলাকায় হাম রোগের সংক্রমণ বেড়েছে, যা বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।
প্রথম পর্যায়ে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হবে। পরে পর্যায়ক্রমে সারাদেশেই এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে বলা হয়, জাতীয় টিকাদান বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি-এর সুপারিশ অনুযায়ী এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর লক্ষ্য দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা।
এই কর্মসূচির আওতায় ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে—তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় দেশের বিভিন্ন স্থানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন হবে। স্বাস্থ্য মন্ত্রী নবাবগঞ্জে, স্বরাষ্ট্র মন্ত্রী কক্সবাজারে, প্রতিমন্ত্রী পাবনা সদরে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝালকাঠির নলছিটিতে এবং স্বাস্থ্য সচিব গাজীপুরে কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারের লক্ষ্য আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে, পবিত্র ঈদুল আজহার আগে, এই কর্মসূচি সম্পন্ন করা।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ৫ বছরের কম বয়সী সব শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। তবে জ্বর বা অসুস্থতা থাকলে শিশুদের তখন টিকা দেওয়া হবে না; সুস্থ হওয়ার পর টিকা নিতে হবে।
এ ছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকা সংগ্রহ, কোল্ড চেইন ব্যবস্থা জোরদার, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য, হাম, রুবেলা, টিকাদান কর্মসূচি,