০৪ মে ২০২৬

দৈনন্দিন

হবিগঞ্জে জরাজীর্ণ ৩ বেইলী সেতু ভেঙে নির্মাণ হবে টেকসই সেতু

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন


হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা ঘুচাতে অবশেষে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ তিনটি বেইলী ব্রিজের স্থলে আধুনিক, টেকসই পাকা সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী।

 

স্থানীয় সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করে এ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। তার এ উদ্যোগ দ্রুত সাড়া পায়। 

 

বুধবার (১ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি সংশ্লিষ্ট বিভাগের সচিবকে সেতুগুলোর নকশা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন।

 

সূত্র জানায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন হবিগঞ্জ-নবীগঞ্জ-শেরপুর (আউশকান্দি) সড়কের বালিখাল বেইলী ব্রিজ এবং হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের রত্না ও শুটকি বেইলী ব্রিজ প্রায় ৩৪ বছর আগে নির্মিত। দীর্ঘ ব্যবহারে এখন এগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। প্রায়ই পাটাতন ভেঙে পড়ে, সৃষ্টি হয় দুর্ভোগের দীর্ঘ সারি—যেন প্রতিদিনের যাতায়াত এক অনিশ্চিত ঝুঁকির নাম।

 

এলাকাবাসীর কাছে এই সেতুগুলো শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং জীবন-জীবিকার সেতুবন্ধন। শিল্পাঞ্চল গড়ে ওঠা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য নিরাপদ ও স্থায়ী সেতু এখন অপরিহার্য হয়ে উঠেছে।

 

এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “মানুষের কষ্ট লাঘব এবং এলাকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তার এই পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার আলো জেগেছে।

 

এখন সবার প্রত্যাশা—দ্রুত নকশা প্রণয়ন শেষে বাস্তব কাজ শুরু হবে, আর বহুদিনের ভোগান্তি পেরিয়ে হবিগঞ্জ-২ আসনের মানুষ পাবে নিরাপদ, স্বস্তিদায়ক যোগাযোগের নতুন দিগন্ত।  

 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, সেতু নির্মাণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ