শ্রীমঙ্গলের ৩ তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন
জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলে পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন তেল ডিপোতে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রবিবার (২৯ মার্চ) সকালে তেল ডিপোগুলো পরিদর্শন করেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল সরকার আসিফ মাহমুদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব দেশে পড়ায় কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছে। এসব অপচেষ্টা ঠেকাতে এবং তেল বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ডিপোগুলোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। তেলবাহী গাড়ির কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটি ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তেলের কিছুটা সংকট রয়েছে। নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলেও বিতরণে কিছুটা সময় লাগছে। বিজিবি মোতায়েনের ফলে ডিপোগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে সংশ্লিষ্টদের মধ্যে।
শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবি'র কমান্ডিং অফিসার লে.কর্ণেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, তেলের সরবরাহ যাতে স্বাভাবিক বজায় থাকে এবং অবৈধভাবে কোন জায়গায় মজুদ করার কোন অপচেষ্টা যদি থাকে সেটাকে দমন করার সার্বিক লক্ষ্যে এই ডিপো গুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যখন রেললাইনের মাধ্যমে চট্রগ্রাম থেকে তেল আসে অথবা অনান্য ডিসক্রিট থেকে তেলের গাড়িগুলোর মাধ্যমে সেই সময়টাতে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করছি।
এদিকে, তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল, তেল ডিপো, বিজিবি মোতায়েন, মৌলভীবাজার, বর্ডার গার্ড বাংলাদেশ