১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / মামলা

সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল-স্লোগান: ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন


সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আইনজীবীরা হলেন মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তাঁদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, জুমার নামাজের পর তাঁদের আদালতে হাজির করা হবে।

মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করেছেন সুনামগঞ্জ আদালতের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। এতে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযুক্তদের সবাই আইনজীবী এবং আওয়ামীপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা মিছিল নিয়ে আদালত চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে যান। সেখানে তাঁরা স্লোগান দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। মিছিলে অংশ নেন প্রায় ২৩ থেকে ৩০ জন আইনজীবী।

এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

মামলায় যাঁদের নাম এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শান্তিগঞ্জের যুবলীগ সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, আওয়ামী লীগ নেতা বিমান রায়, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, শুকুর আলী, হাসান মাহবুব সাদী ও পঙ্কজ তালুকদারসহ আরও অনেকে।

গ্রেপ্তার মনীষ কান্তি দে শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর। অন্যদিকে মিজানুর রহমান সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা এবং তিনি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, আইনজীবী, মামলা, পুলিশ, আওয়ামী লীগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ