০৪ মে ২০২৬

দৈনন্দিন

লাউয়াছড়া বনে ৩ শতাধিক রানারের অংশগ্রহণে ম্যারাথন সম্পন্ন

​প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন


মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কুয়াশাভেজা স্নিগ্ধতা আর অরণ্যের নিস্তব্ধতা ভেঙে এক অনন্য উৎসবে মেতেছিল মৌলভীবাজারের কমলগঞ্জ। পাহাড়-টিলা আর সবুজে ঘেরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের বুক চিরে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ‘লাউয়াছড়া ম্যারাথন’।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কমলগঞ্জ রানার্স-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন। অরণ্যের আঁকাবাঁকা আর উঁচু-নিচু পিচঢালা পথে দৌড়বিদদের এই পদচারণা বনের নিস্তব্ধতা ভেঙে এক উৎসবমুখর ও রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করে। স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে প্রকৃতির সতেজ বাতাসে রানারদের এই অংশগ্রহণ ছিল নজরকাড়া।

 

আলাপকালে কমলগঞ্জ রানার্সের পৃষ্ঠপোষক সৈয়দ জামাল হোসেন ও জাকির হোসেন জানান, স্বাধীনতার গৌরব উদযাপনের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে। লাউয়াছড়ার এই দৌড় কেবল প্রতিযোগিতা নয়, এটি প্রকৃতির সাথে আমাদের মৈত্রীর বন্ধন এবং দেশপ্রেমের অনন্য বহিঃপ্রকাশ।

 

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সকল দৌড়বিদদের মেডেল প্রদান করা হয়। বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষার শপথ নিয়েই শেষ হয় এই নান্দনিক আয়োজন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ