২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

সুনামগঞ্জে পর্যটনকেন্দ্রে মারপিটের ঘটনায় মালিক বাচ্চু মেম্বার গ্রেপ্তার

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন


ঈদের দিন সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকার কামারভিটা গ্রামের কাছের বাচ্চু নগর পর্যটন স্পটে দর্শনার্থীদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় বাচ্চু নগর পর্যটন স্পটের মালিক বাচ্চু মিয়া শিকদার অরফে বাচ্চু মেম্বারকে গ্রেপ্তার  করেছে পুলিশ। 

 

আহত দর্শনার্থীর অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ। তার বাড়ি সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা গ্রামে। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  ঈদের দিন কামারভিটা গ্রামের আক্কাস আলী তার কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে বাচ্চু নগর পর্যটন স্পটে ঘুরতে গিয়েছিলেন। এসময় তাদের কাছে প্রবেশ ফি ২০ টাকার স্থলে ৬০ টাকা দাবি করা হয়।এনিয়ে প্রশ্ন তুললে পর্যটন স্পট কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পারপিটে অন্তত ১০ জন আহত হন। পরে মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় বাচ্চু নগর পর্যটন স্পটের মালিক বাচ্চু মিয়ার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন আহত আক্কাস আলী। 

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘ঈদের দিনে বাচ্চু নগর পর্যটন স্পটে অতিরিক্ত প্রবেশ ফি আদায় নিয়ে সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।’

 

তিনি আরও বলেন, ‘মারপিটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে আজ ভোর রাতে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাচ্চু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।’

 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সুনামগঞ্জ, পর্যটন, হামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ