
সৌদি আরবে বুধবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উদযাপন করেন। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উদযাপন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বাংলাদেশে ঈদ উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে মাস ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। ২৯ রমজান শেষে চাঁদ না দেখলে ৩০ রমজান শেষে ঈদ উদযাপিত হয়।
গালফ নিউজ জানিয়েছে, তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ না দেখায় জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ঈদের তারিখ ঘোষণা করেছে। তুরস্ক শুক্রবার ঈদ উদযাপন করবে, সিঙ্গাপুরে তা হবে শনিবার।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘর্ষের কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এবার উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। নিরাপত্তার কারণে ওই দুই দেশে শুধুমাত্র মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সৌদি আরব, ঈদুল ফিতর-২০২৬


