০১ মে ২০২৬

অপরাধ-বিচার / নোটিশ

সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৪ মার্চ, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন


সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে পুলিশের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাবনা পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যদের সঙ্গে একটি পিকআপ ভ্যানের চালককে ঘিরে একটি ঘটনা ঘটে। পরে ১২ মার্চ আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ ঘটনাকে কেন্দ্র করে একতরফাভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশকে দোষারোপ করা হয়, যা দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে এসএমপি।

ঘটনার বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উচ্ছৃঙ্খল জনতার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এসএমপি জানায়, তদন্তাধীন বিষয় নিয়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের পুলিশের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণসুরমার বাবনা পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যদের সঙ্গে একটি পিকআপ ভ্যানের চালককে ঘিরে একটি ঘটনায় পুলিশ সদস্যকে থাপ্পর মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট নগরী, দক্ষিণ সুরমা থানা, বাবনা পয়েন্ট, পুলিশের ওপর হামলা, সিলেট মেট্রোপলিটন পুলিশ, এসএমপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ