
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তির নাম রাসেল মিয়া (২৬)। তিনি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তাকে হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে কারাগারের বাথরুমে পড়ে গেলে কারা চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সকাল ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এমরুল মিয়া নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় পরদিন নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে রাসেলসহ সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
হবিগঞ্জ, মৃত্যু, আসামি, কারাগার


