০১ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টা, সিলেট থেকে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক কর্মজীবী নারীকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাওছার আহমদ (৩৪) এবং সদর উপজেলার গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।

পুলিশ জানায়, ৮ মার্চ সকাল সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গলে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪ নম্বরের একটি সাদা প্রাইভেটকার এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কি না জিজ্ঞাসা করে। তিনি অস্বীকৃতি জানালে গাড়িটি কিছুক্ষণ এলাকাজুড়ে ঘোরাফেরা করে। পরে তিনি বাড়ির দিকে হাঁটতে শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে। একপর্যায়ে গাড়ি থেকে নেমে একজন তার মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। তবে প্রতিরোধ গড়ে তুলে ধস্তাধস্তির মধ্যে তিনি তাদের হাত থেকে ছুটে পালিয়ে যান।

ঘটনার পর ভিকটিমের অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

তদন্তের একপর্যায়ে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার আত্মা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, কমলগঞ্জ উপজেলা, গ্রেপ্তার, অপহরণকারী, অপহরণ চেষ্টা, প্রাইভেটকার জব্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ