২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

তাহিরপুরে বাঁধের কাজ দ্রুত শেষের দাবিতে পোহাসের মানববন্ধন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত ও সঠিকভাবে শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মাটিয়ান হাওরের পাড়ে কৃষকদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পোহাস)

 

মানববন্ধনে বক্তারা জানান, হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের নির্ধারিত সময়েসীমা ২৮ ফেব্রুয়ারির ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু এখনো অনেক হাওরে বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি। বাঁধ নির্মাণের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু কাজের গতি দেখে মনে হচ্ছে বর্ধিত সময়ের মধ্যেও বাঁধের কাজ শেষ হবে না। বাঁধের কাজের ধীরগতি নিয়ে কৃষকেরা চিন্তিত।

 

বক্তারা আরও জানান, এ বছর অনেক প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি সেসব বাঁধে উপরে ড্রেসিং করেই মাটির কাজ দেখিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে। 

 

মানববন্ধনে বক্তব্য দেন পোহাসের সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু এবং স্থানীয় কৃষক হাদিস মিয়া, জিয়াউর রহমান, ফজলু মিয়া, বিল্লাল আমিন ও নাজমুল ইসলাম।

 

পোহাসের সভাপতি কাসমির রেজা বলেন, ‘নির্ধারিত সময়ের পর বর্ধিত সময়ের আর মাত্র ৬ দিন বাকি কিন্তু এখনো বাঁধের অন্তত ২৫ শতাংশ কাজ বাকি রয়েছে। যেকোনো সময় পাহাড়ী ঢল নামতে পারে। এখনো কাজে একধরনের অবহেলা লক্ষ করা যাচ্ছে। আমরা কোনো অজুহাত শুনতে চাই না। অবিলম্বে সকল হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে হবে। একইসঙ্গে অবশ্যই কাজের গুণগত মান বজায় রাখতে হবে।’ তিনি বাঁধের বিকল্প হিসেবে ব্যাপক ভিত্তিতে নদী খননের দাবিও জানান।

 

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলার ৫৩টি হাওরে প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার দীর্ঘ ফসল রক্ষা বাঁধ নির্মাণে ৭৩৭টি প্রকল্পের বিপরীতে প্রায় ১৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাঁধ নির্মাণের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও তা বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

তাহিরপুর, সুনামগঞ্জ, বাঁধ সংস্কার, মানবন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ