০৪ মে ২০২৬

দৈনন্দিন

আমিরাতে ড্রোন হামলায় নিহত প্রবাসীর মরদেহ পৌঁছালো সিলেটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ১:৩০ অপরাহ্ন


সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় মরদেহটি দেশে আনা হয়।

পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে তার মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখানে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহমেদ আলীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে। গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ড্রোন হামলায় তিনি নিহত হন। সেখানে তিনি পানিবাহী একটি গাড়ির চালক হিসেবে কাজ করতেন।

নিহতের ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও একই শহরে থাকেন। তারাই পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যুর খবর জানান।

জানা গেছে, সিলেট থেকে মরদেহটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে তার বাড়িতে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

প্রবাসী নিহত, আমিরাত ড্রোন হামলা, বড়লেখা প্রবাসী, সিলেট বিমানবন্দর, প্রবাসীর মরদেহ দেশে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ