
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে অভ্যন্তরীণ আরেকটি ফ্লাইটে মরদেহটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়।
সকাল ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি মরদেহটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাড়িতে পৌঁছে দেন।
আহমেদ আলীর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। সেখানে তিনি পানি সরবরাহকারী একটি গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও একই শহরে থাকেন। তারাই পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেন।
মরদেহ গ্রহণের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
আমিরাতে হামলা, নিহত প্রবাসী, আহমেদ আলী, মরদেহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর


