৩০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / মামলা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, সাবেক চেয়ারম্যান আফতাবের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ মার্চ, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন


২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধরের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন এর বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী দেলোয়ার হোসেন (৪২) ডাচ বাংলা এজেন্ট ব্যাংক বাদাঘাট শাখার স্বত্বাধিকারী।

এদিকে ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ীরা। শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাদাঘাট বাজার মেইন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আফতাবসহ তিনজনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত অন্য দুজন হলেন, একই ইউনিয়নের সোনাপুর গ্রামের কালা মিয়ার ছেলে মিলন মিয়া(৩০) ও নুরপুর গ্রামের সুজাফর মিয়ার ছেলে লিটন মিয়া। 

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীরা কারো অন্যায় নির্যাতনের শিকার হবেন সেই দিন শেষ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার না হলে বাদাঘাট বাজার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিবেন। এসময় এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে স্থানীয় সাংসদ কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার, সমাজকর্মী ও লেখক আবুল হোসেন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সবুজ আলম, বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বাজারের শতাধিক ব্যবসায়ী। 

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের ধরতে পুলিশের একাধিক টিম তৎপরতা চালাচ্ছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ