০৪ মার্চ ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সুনামগঞ্জে মশার কয়েলের আগুনে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ১:০০ অপরাহ্ন


সুনামগঞ্জে মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন। বুধবার (৪ মার্চ) ভোররাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সালেমা খাতুন (৬৮) ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। নজরুল ইসলাম বাড়ির পাশের অন্য স্থানে ঘুমাচ্ছিলেন। তার স্ত্রী সালেমা খাতুন একা একটি কক্ষে ঘুমান। বাড়ির ছোট ছেলে অন্য কক্ষে ছিল। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে খাটে আগুন লাগে। আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান সালেমা খাতুন। বসতঘর পাকা হওয়ায় আগুন বাইরে ছড়িয়ে পড়েনি।

সেহরির রান্নার জন্য ভোরে জেগে ওঠেন প্রতিবেশী মারফত আলীর স্ত্রী রাহেলা বেগম। তিনি নজরুল ইসলামের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয় লোকজন পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাহেলা বেগম বলেন, ‘সেহরির জন্য উঠেই ধোঁয়া দেখতে পাই। পরে সবাইকে ডেকে আগুন নেভাই। ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন।’

নজরুল ইসলাম বলেন, ‘আমি অন্য জায়গায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি ঘরের ভেতরে আগুন ও ধোঁয়া। খাট-বিছানা পুড়ে গেছে। আমার স্ত্রীও মারা গেছেন। ছেলে জানিয়েছে, মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিল। সেখান থেকেই আগুন লেগেছে।’

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ অগ্নিকাণ্ড, মশার কয়েলের আগুন, আমিরপুর গ্রাম, সালেমা খাতুন মৃত্যু, সুরমা ইউনিয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ