
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শখের বশবর্তী হয়ে কুশিয়ারা নদীতে মাছ ধরতে এসে শাহিন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (০১ মার্চ) রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে শাহিন মিয়া তার ৫ বন্ধু ও আত্মীয়স্বজন সহ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীতে পচার বড়শি দিয়ে মাছ ধরতে আসেন। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা নদীতে মাছ শিকার করেন। মাছ ধরা শেষে রাত ৯টার দিকে তারা একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে গন্ধবপুর গ্রামের পাশে পৌঁছালে শাহিন মিয়া হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এসময় তার সাথে থাকা সফরসঙ্গীরা তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, নিহত শাহিন মিয়া সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সদর কলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। পেশায় তিনি একজন বৈদ্যুতিক মিস্ত্রী ছিলেন।
ঘটনার সময় শাহিন মিয়ার সাথে ছিলেন তার আত্মীয় ও বন্ধু সমসু মিয়া (৬২), কামরুল ইসলাম (৫৩), রাব্বি ফরাজী (৩২) এবং নুরুল আহমদ (৩৫)। শখের বসে মাছ ধরতে এসে প্রিয়জনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকা এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সুনামগঞ্জ, জগন্নাথপুর উপজেলা, কুশিয়ারা নদী, মোল্লারগাঁও ইউনিয়ন, মৃত্যু


