০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সাঁড়াশি অভিযানের নির্দেশ এমপি কামরুলের

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন


মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সাঁড়াশি অভিযানের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুল। 

 

তিনি বলেন, মাদকসেবী বা বিক্রেতা সে যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না। যারা মাদক গ্রহণ করে তারা চুরি ও ছিনতাইয়ে অভ্যস্ত হয়ে উঠে। যত বড়ই নেতা হোক, সে যদি মাদক গ্রহণ করে তাঁর ব্যপারে কোনো রিকুয়েষ্ট গ্রহণ করা হবেনা।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

কামরুল বলেন, খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে সোচ্চার। থানার ওসি, সীমান্তে বিজিবিকে বলব, আজ কালকের মধ্যেই কঠোর অভিযানে নামেন। মাদকের সঙ্গে প্রকৃত জড়িতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। তবে অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হোন।

 

মতবিনিময় সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরেন সিনিয়র সাংবাদিক বাবরুল হাসান বাবলুসহ আরো অনেকে। এসময় যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিষয়টি সামনে আনা হয়। এর প্রেক্ষিতে, যে বা যারাই এসব অপকর্মে জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

 

কামরুল আরো বলেন, আমি কৃষককের সন্তান। অনেক স্বপ্ন নিয়ে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমাকে ভোট দেওয়ার পেছনে লাখো মানুষের স্বপ্ন জড়িত। কেউ আমার কাছে টাকা চাইবে না। তারা উন্নয়ন চান, শান্তিতে বসবাস করতে চান। আর মানুষের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মাদক, সাঁড়াশি অভিযান, সুনামগঞ্জ-১ আসন, কামরুজ্জামান কামরুল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ