২৮ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদীরের পক্ষে লুনার গণসংযোগ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের পক্ষে গণসংযোগ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় তিনি লিফলেট বিতরণ ও পথসভা করেন। 

 

পথসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। গত কয়েকটি নির্বাচন দেশের মানুষ দেখেছে—কীভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে, কীভাবে রাতের আঁধারে ফলাফল নির্ধারণ করা হয়েছে। এবার জনগণ আর সেই অবস্থা মেনে নেবে না।’

 

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন সিলেটসহ সারা দেশে উন্নয়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেছিল। সিলেটবাসী আজও সেই সময়ের উন্নয়ন ও শান্তির কথা স্মরণ করে। খন্দকার আবদুল মুক্তাদীর একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে সিলেট-১ আসনে উন্নয়ন ও জনগণের কণ্ঠ আবার সংসদে ফিরে যাবে।’

 

লুনা বলেন, ‘আমার স্বামী এম. ইলিয়াস আলী আজও নিখোঁজ। কিন্তু তার আদর্শ নিখোঁজ হয়নি, তার রাজনীতি নিখোঁজ হয়নি। সেই আদর্শ নিয়েই বিএনপি আজ মাঠে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সরকার গঠনের জন্য প্রস্তুত।’

 

তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ‘ভয় নয়, লোভ নয়—আপনার বিবেকের ভোট দিন। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলুন।’

 

এসময় বিএনপির উপদেষ্টা মঈনুল হক চৌধুরীসহ সিলেট মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

লুনা, খন্দকার মুক্তাদীর, সিলেট -১ আসন, গণসংযোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ