০৪ মে ২০২৬

দৈনন্দিন

বৈষ্ণব রায়ের অন্তর্ধান তিথিতে তিনদিনের মহোৎসব শুরু

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন


শ্রী শ্রী বৈষ্ণব রায়ের অন্তর্ধান তিথি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সীমান্তবর্তী মীয়ারবাজারে বিষ্ণুপুর ধাম সিদ্ধ বকুলতলায় রোববার (০২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী মহোৎসব।

 

উৎসবের প্রথম দিন, (রোববার) সকাল ৯টায় শ্রী শ্রী কালাচাঁদের অর্চনা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় কীর্তন পরিক্রমা ও ভোগরাগ, বিকেল ৪টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং সন্ধ্যা ৬টায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠের আয়োজন করা হয়। রাত ৮টায় মহোৎসবের মঙ্গলঘট স্থাপন এবং রাত সোয়া ৮টায় শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।

 

দ্বিতীয় দিন, (সোমবার) ব্রাহ্মমুহূর্ত থেকে শ্রী শ্রী নাম ও লীলা কীর্তনের শুভারম্ভ হবে। দুপুর ১২টায় ভোগ আরতি দর্শন এবং বেলা ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।

 

তৃতীয় দিন (মঙ্গলবার) সকাল ৮টায় শ্রী শ্রী নাম ও লীলা সংকীর্তন সমর্পণ (পূর্ণা) ও নদীর ভাণ্ড ভাঙার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সমাপ্তি ঘটবে।

 

উৎসব উদযাপন কমিটির সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট প্রহলাদ চন্দ দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মানিক লাল দে।

 

উল্লেখ্য, প্রতি বছর এই মহোৎসবে জগন্নাথপুর ও বিশ্বনাথসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মালম্বী নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমাগম ঘটে। আজ সকাল থেকেই ধামে মানুষের ঢল নেমেছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বৈষ্ণব রায়, অন্তর্ধান তিথি, বিষ্ণুপুর ধাম, জগন্নাথপুর, মহোৎসব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ