০৪ মে ২০২৬

দৈনন্দিন

পিঠা উৎসব আবহমান সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য: পুলিশ কমিশনার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন


সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘পিঠা উৎসব আমাদের আবহমান সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য। সময়ের স্রোতে সেই পিঠা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। আজকের এই আয়োজন সেই হারিয়ে যাওয়া স্বাদ আর মায়ের হাতের পরশকে আবার আমাদের সামনে ফিরিয়ে এনেছে। বাঙালি ঐতিহ্যও সংস্কৃতিকে প্রাণবন্ত করে তুলেছে।’

শনিবার (৩১ জানুয়ারি) সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আধুনিকতার ছেঁায়ায় এখনকার পিঠায় মা-মাসিদের হাতের ছেঁায়া পাওয়া কঠিন হলেও সিলেট উইমেন চেম্বার সেই অসম্ভবকেই সম্ভব করেছে। নারী উদ্যোক্তাদের হাতের তৈরি পিঠার মাধ্যমে তারা বাঙালি ঐতিহ্যকে নতুন করে প্রাণবন্ত করে তুলেছেন।’

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ভবিষ্যতেও কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় অব্যাহত ভূমিকা রাখার আহ্বান জানান।

সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহা, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুত জ্যোতি চক্রবর্তী, যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী আবদুর রব মল্লিক, উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি আলেয়া ফেরদৌসি তুলি।

বিশেষ অতিথির বক্তব্যে পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহা বলেন, ‘আমরা ধীরে ধীরে আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি, ফলে সৃজনশীলতাও হারিয়ে যাচ্ছে। এই অবস্থা আগামী প্রজন্মের জন্য হুমকিস্বরূপ।’

তিনি আরও বলেন, ‘উইমেন চেম্বার আজ আমাদের আবহমান সংস্কৃতিকে গর্বের সঙ্গে তুলে ধরেছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে এবং সন্তানদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে লুবানা ইয়াছমিন শম্পা বলেন, ‘এবারই প্রথমে মেলার মাঠে বেশি নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন।’

তিনি বলেন, ‘পিঠাপুলিতে মা-মাসীদের আগেরকার সেই পরশ তুলে দিতেই এমন উদ্যোগ। একই সাথে এর মধ্য দিয়ে আমাদের হারিয়ে যাওয়া সমৃদ্ধ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়াস মাত্র। উইমেন চেম্বার আগামী দিনেও এমন প্রয়াস অব্যাহত রাখতে বদ্ধপরিকর।’

এবারের পিঠা মেলায় মোট ৫৩টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানা স্বাদের পিঠা নিয়ে হাজির হন সিলেটের নারী উদ্যোক্তারা। তাদের হাতের ছেঁায়ায় ঐতিহ্যবাহী পিঠা পেয়েছে নতুন স্বাদ, নতুন রূপ আর নতুন পরিচয়।

উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বারের পরিচালক সামা হক চৌধুরী, সাইমা সুলতানা চৌধুরী লিনু, রেহানা ফারুক শিরিন, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, আসমাউল হাসনা খানম, তাহমিনা হাসান, গাজী জিনাত আফজা ও শাহানা আক্তার প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পিঠা উৎসব, সংস্কৃতি, ঐতিহ্য, পুলিশ কমিশনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ