০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

বিগত সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে: হাবিবুর রহমান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৯:২১ অপরাহ্ন


জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। যার কারণে সারাদেশের ন্যায় সিলেটও উন্নয়নবঞ্চিত হয়েছে। মানুষজন তাদের প্রাত্যহিক সমস্যার সমাধান বারবার চেয়েও পান নি।’ 

 

তিনি বলেন, ‘সিলেটের সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে রাস্তা, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, গ্যাস ও নদী তীরবর্তী এলাকায় নদীভাঙ্গনের সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো।’
 
বুধবার (২৮ জানুয়ারি) রাতে সিলেট সদর উপজেলার কালাগুল মুকামবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
হাবিবুর রহমান বলেন, ‘সড়ক, রেল, নদী ও আকাশপথে যোগাযোগ সমস্যার কারণে আমরা ঢাকা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ১১ দলীয় জোট যদি ক্ষমতায় যেতে পারে এবং আমি যদি এমপি নির্বাচিত হতে পারি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমুল পরিবর্তনে মাষ্টার প্ল্যান নিয়ে কাজ করবো। বর্তমান রেললাইনকে পরিবর্তন করে ডাবল রেললাইন করবো, যাতে ৩ থেকে ৪ ঘণ্টায় ঢাকায় যাওয়া-আসা যায়।’ 

 

তিনি আরও বলেন, ‘এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেয়া হবে। মানুষ যাতে সকালে সিলেট থেকে ঢাকা গিয়ে কাজ করে আবার বিকেলে ফিরে আসতে পারে। সিলেট এয়ারপোর্টে যাতে প্রবাসীরা সমস্যায় না পড়েন, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিবো। সিলেটের ৬ লেনের রাস্তা মুলা ঝুলিয়ে রাখা হয়েছে, এই রাস্তা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনে সিলেটবাসীকে নিয়ে মাঠে নামবো। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বঞ্চিত সিলেটের উন্নয়ন করার সুযোগ দিন।’
 
সমাজসেবী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও খাদিমনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, ৩নং খাদিমনগর ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালক নাজিম উদ্দীন ইমরান, ৭ ও ৮নং ওয়ার্ড নির্বাচন কমিটির সভাপতি দিলওয়ার মিয়া ও সেক্রেটারী উমর মিয়া প্রমুখ। পথসভায় বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াত, নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ