১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে শীষ মিয়া হত্যাকাণ্ড: তিন পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯) এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের ধর্মপাশা থানার ‘শীষ মিয়া হত্যা’ মামলার তিন পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় আনার জন্য যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীষ মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানাধীন লেংমুর এলাকার বাসিন্দা। মামলার বিবাদীরা মাদক ব্যবসা, জুয়ার বোর্ড পরিচালনা ও অন্যান্য অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। গেল বছরের ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার সময় শীষ মিয়া গাছতলা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিবাদীরা তাঁর সঙ্গে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা জবরদস্তি করে এবং শীষ মিয়াকে নিখোঁজ করে ফেলে। পরবর্তী দিন ২৮ ডিসেম্বর দুপুরে দাশপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ভিকটিমের ভাই ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন। মামলার অনুসন্ধানে র‌্যাব-৯ এবং র‌্যাব-১০-এর যৌথ গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র‌্যাব-১০, কেরানীগঞ্জ ঢাকা যৌথ অভিযান পরিচালনা করে ২৫ জানুয়ারি ২০২৬ বিকাল ৩টায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর মধপাড়া এলাকায় তিন পলাতক আসামিকে গ্রেফতার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন, ধর্মপাশা উপজেলার গাছতলা বাজার এলাকার মৃত বাদুর আলীর ছেলে মাসুদ মিয়া (৩৯) ও রাশিদ (৩৮) এবং জিংলীগড়া এলাকার আকিকুর রেজা আকন্দ ছেলে শাহিনুর আকন্দ (৩২)।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তার আসামিদের আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শীষ মিয়া হত্যাকাণ্ড, গ্রেপ্তার, ধর্মপাশা থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ