১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

আলুক্ষেত নষ্টের অভিযোগে ঘোড়াকে ফাঁস দিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন


সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে আলুক্ষেত নষ্টের অভিযোগ তুলে একটি ঘোড়াকে রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জয়ধর আলী (৬০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) ভোরে গুচ্ছগ্রাম এলাকার একটি গাছ থেকে ঘোড়াটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঘোড়াটির মালিক একই গ্রামের কৃষক আয়ূব আলী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আয়ূব আলী জীবিকার তাগিদে মালামাল বহনের কাজে কয়েকটি ঘোড়া পালন করেন। প্রতিদিনের মতো রোববার রাতে তিনি তাঁর একটি ঘোড়া গজারিয়া নদীর পশ্চিম পাড়ের গুচ্ছগ্রাম এলাকায় বেঁধে রেখে যান। রাত আনুমানিক ১২টা পর্যন্ত ঘোড়াটি সেখানে ছিল। তবে ভোরে সেখানে গিয়ে আয়ূব আলী ও তাঁর পরিবারের সদস্যরা দেখেন, ঘোড়াটির হাত-পা বাঁধা, গলায় রশির ফাঁস দেওয়া এবং একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘোড়ার মালিক আয়ূব আলী অভিযোগ করে বলেন, তাঁর ঘোড়া পাশের জমির আলুক্ষেতে ঢুকে ক্ষতি করেছে—এ অভিযোগ তুলে কয়েক দিন আগে জমির মালিক জয়ধর আলী তাঁকে হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আবার ক্ষেত নষ্ট হলে ঘোড়াকে মেরে ফেলবেন। আয়ূব আলীর দাবি, সেই হুমকিই বাস্তবায়ন করা হয়েছে।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘোড়া হত্যার অভিযোগে একই গ্রামের বাসিন্দা জয়ধর আলীকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, লালপুর গ্রামে একটি ঘোড়া হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আলুক্ষেত নষ্ট, ঘোড়া, হত্যা, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ