০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

‘আমরা একটা ভয়ের মধ্যে আছি’: গণমাধ্যম সম্মিলনে আহমেদ নূর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন


নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের কথা বলার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভয়ের পরিবেশ আরও গভীর হচ্ছে বলে মন্তব্য করেছেন দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর।


শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত গণমাধ্যম সম্মিলন ২০২৬-এ দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, “আমাদের একটা ভয় কাজ করছে, আমরা একটা ভয়ের মধ্যে আছি। অতীতেও ছিলাম। এরকম যে ছিলাম না তা নয়। কিন্তু যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, তখন যখন এই রকম হয় তখন ভয়টা আরো বেড়ে যায়। আমরা স্বাধীনভাবে লিখতে চাই, কাজ করতে চাই।”


সাম্প্রতিক সময়ের গণমাধ্যমে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই সময়ে দুটো কাগজে—প্রথম আলো এবং ডেইলি স্টারে—যে হামলা হলো সেটাকে আমরা কিভাবে দেখব? অতীতে কি এরকম হয়েছে? কখনো হয়েছে, পুড়িয়ে দেওয়া হলো, সাংবাদিকদের মারার চেষ্টা করা হলো।”


“সম্পাদক পরিষদের সভাপতি তার নিজের সহকর্মীদের বাঁচাতে গিয়ে হেনস্তার শিকার হলেন। গত ১৫ বছর নুরুল কবির ভাই তো সবসময় সত্য বলে গেছেন, কারো দালালি করেন নাই। তাহলে নতুন বন্দোবস্তের জায়গায় তিনি কেন হেনস্তার শিকার হবেন?”


গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে আহমেদ নূর বলেন, “আজকে গণমাধ্যম কমিশন হলো, সংস্কার রিপোর্ট দেওয়া হলো। কোথাও কি সংস্কার হয়েছে? কেন হয়নি—এই প্রশ্নগুলো রাখতে হবে।”


প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমে হামলার পেছনের কারণ অনুসন্ধানের ওপর জোর দিয়ে তিনি বলেন,

“ডেইলি স্টার-প্রথম আলো আক্রান্ত হলো কেন? যদি একটু অন্যভাবে চিন্তা করি, একই দিন ছায়ানটেও হামলা হয়েছে, উদীচীতেও হামলা হয়েছে। আপনি ওই জায়গাটাতে যেতে হবে তো। ক্ষোভটা কোথায়? তো সেই জায়গাগুলো অনুসন্ধান করতে হবে।”


রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। “আমার কষ্টের জায়গা, এখানে অন্তর্বর্তী সরকার আছে, ড. ইউনুস সাহেবের মত প্রধান উপদেষ্টা আছেন। তার যে তিনটি সাক্ষাৎকার, অত্যন্ত সমৃদ্ধ সাক্ষাৎকার, মতি ভাই নিয়েছেন, মতিউর ভাই নিয়েছেন, মাহফুজ ভাই নিয়েছেন। তারা অসহায় হয়ে সাহায্য চেয়েছেন। তার প্রেস সচিব তো বললেন যে অনেক সহকর্মী আমাকে ফোন দিয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। এটা আমাদের বিশ্বাস করতে হবে?”


গণমাধ্যমের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আহমেদ নূর বলেন, “ঐক্য আমাদেরকে বজায় রাখতে হবে। যদি আজকের এই প্লাটফর্ম থেকে এটা ফোরাম করা হয় বা যা হয়, আমরা থাকবো।”


তিনি বলেন, “সিলেট থেকে যারা আছি আমরা থাকবো। সম্পাদক পরিষদ যদিও ঢাকার। ঢাকার পরে চিটাগাং, তারপর সিলেট। সম্পাদক পরিষদের কেউ নেই? কিন্তু এটা বোধহয় একটু এক্সপ্যান্ড করা দরকার, বিভাগীয় শহরগুলোতে নেওয়া দরকার।”


আহমেদ নূর বলেন, “মাহফুজ ভাই, মতি ভাই থাকার পরেও প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দেওয়া হয়—তাহলে আমাদের রক্ষা করবে কে? সম্পাদক পরিষদকে রক্ষা করতে হবে, নোয়াবকে করতে হবে। এইগুলো ভেবে দেখার জন্য অনুরোধ করছি।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গণমাধ্যম সম্মিলন, সিলেট মিরর, আহমেদ নূর,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ