২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

ওসমানী মেডিকেলে চিকিৎসকের উপর হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে কর্মবিরতির ঘোষণা দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

জানা যায়, শুক্রবার রাত প্রায় ১১টার দিকে হাসপাতালের চারতলার ৪ নম্বর ওয়ার্ডে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও হামলার ঘটনায় রূপ নেয়। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনার পর রোগী ও তাঁদের স্বজনদের অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ।

রাতেই এক বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকেরা জানান, মধ্যরাতে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন মহিলা ইন্টার্ন চিকিৎসক (এমবিবিএস ৫৭ ব্যাচ) এর উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। একটি চিকিৎসা প্রতিষ্ঠানে, বিশেষ করে একজন নারী চিকিৎসকের উপর এ ধরনের হামলা আমাদের জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহবান জানাই।

তারা জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির সিলেট ভয়েসকে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে, বিশৃঙ্খলা করা রোগী ও তার স্বজনদের অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। 

তবে নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানী মেডিকেল, নারী চিকিৎস, হামলা, দুইপক্ষ, হাতাহাতি, ইন্টার্ন, কর্মবিরতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ