১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জগন্নাথপুরে যৌতুকের দাবিতে মারধরের পর স্ত্রীর চুল কাটলেন স্বামী

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ মে, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীকে মারধর ও চুল কাটার অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন শাশুড়ি। আজ রোববার গ্রেপ্তার যুবককে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে তাঁকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে রুমন মিয়া (২৩)।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ৯ মাস আগে রুমন মিয়া একই এলাকার কদমতলী গ্রামের কুরশ মিয়ার মেয়ে আঁখি বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন। এরপর থেকে প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য আঁখিকে মারধর করা হতো। এ নিয়ে একাধিক সালিসও হয়েছে।

গত ২৬ এপ্রিল ৫০ হাজার টাকার জন্য মারধরের একপর্যায়ে রুমন মিয়া দা ও কাঁচি দিয়ে আঁখির চুল কেটে দেন। এ ঘটনায় ৪ মে আঁখির মা সাহানারা বেগম বাদী হয়ে রুমনকে প্রধান আসামি করে চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা করেন।

মামলার বাদী সাহানারা বেগম বলেন, "বিয়ের পর থেকেই আমার মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন টাকার জন্য মেয়েকে প্রায়ই মারধর করত। মেয়ের সুখের জন্য আমি এক লাখ টাকাও দিয়েছি। তারপরও নির্যাতন থামেনি। তাই নিরুপায় হয়ে মামলা করেছি।"

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, "মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ খবর, জগন্নাথপুর মামলা, নারী নির্যাতন, জামাই গ্রেপ্তার, আঁখি বেগম নির্যাতন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ