০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

শ্রীমঙ্গলে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান বরুণার পীরের

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়াল উলূম হামিদনগর বরুণা মাদরাসার আয়োজনে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে লাখো মুসল্লির সমাগম ঘটে। শুক্রবার (২ জানুয়ারি) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চলা এ সম্মেলনে দেশবরেণ্য আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরুণার পীর ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থী ও আলেম-উলামাদের অবদান অনস্বীকার্য। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅভ্যুত্থানের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।

 

তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট না দিলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা রয়েছে। স্বৈরাচারী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’ এ সময় তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

 

বরুণার পীর আরও বলেন, নির্বাচনী জোটে আদর্শিক ভিন্নতা থাকলেও গণঅভ্যুত্থানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ভোট একটি আমানত উল্লেখ করে তিনি দ্বীনদার, সৎ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে ভোট দেয়াকে নৈতিক দায়িত্ব বলে অভিহিত করেন।

 

শনিবার ভোরে লাখো মুসল্লির সম্মিলিত আমিন ধ্বনিতে বরুণা মাদরাসার ইসলামী মহাসম্মেলন ২০২৬ সমাপ্ত হয়। এর আগে শুক্রবার সকাল ১০টায় বরুণা মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধনী বয়ান পেশ করেন মাদরাসার প্রিন্সিপাল ও দ্বীন টিভি ইউকের চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

 

বরুণা মাদরাসার সদরে মুহতামিম হাফিজ মাওলানা সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে দিবা-রাত্রব্যাপী সম্মেলনে আরও বয়ান দেন খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), শায়খুল হাদিস আল্লামা হাফেজ ওলিউর রহমান বর্ণভী, বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হকসহ অর্ধশতাধিক দেশবরেণ্য আলেম ও ইসলামী চিন্তাবিদ।

 

সম্মেলনে বক্তারা বলেন, মুসলমানদের ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি। বিভক্তি পরিহার করে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই মুসলিম উম্মাহকে পরাজিত করতে পারবে না।

 

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।

 

সম্মেলনে অংশ নিতে আসা মুসল্লিদের কারণে ভৈরবগঞ্জ বাজার সংলগ্ন মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক টিম ও অস্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্প সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে।

 

আখেরি মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

সম্মেলন উপলক্ষে জামিয়ার প্রকাশনা বিভাগ থেকে বার্ষিক আল আলম (বাংলা ও আরবি) ম্যাগাজিনসহ একাধিক বিশেষ প্রকাশনা প্রকাশ করা হয়। এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস, ইফতা, হিফজসহ বিভিন্ন স্তর সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফযীলত প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, ইসলামি সম্মেলন, বরুণা শেখসাব, বরুণার পীর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ