ছবিঃ শিশির মনির। সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, শিশির মনিরের স্থাবর কোনো সম্পত্তি নেই। তবে তিনি ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা মূল্যের অস্থাবর সম্পদের মালিক।

 

এদিকে শিশির মনির কোটির ঘর ছুঁতে না পারলেও তাঁর স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান একজন কোটিপতি। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ২৬৩ টাকা।

 

হলফনামা বিশ্লেষন করে দেখা গেছে, পেশায় আইনজীবী শিশির মনিরের বার্ষিক আয় ৫২ লাখ ৬০ হাজার টাকা। তাঁর নিজের নামে কোনো স্থাবর সম্পদ নেই। অন্যদিকে, তাঁর স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান একজন বেসরকারি চাকুরিজীবী। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র, চাকুরি এবং অন্যান্য উৎস থেকে তাঁর বার্ষিক আয় ৮৯ লাখ ২৭ হাজার ৫১৫ টাকা।

 

হলফনামায় দেওয়া তথ্যে দেখা গেছে, সুমাইয়া সাদিয়া রায়হানের অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৮৪৩ টাকা। একইসঙ্গে তিনি ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের স্থাবর সম্পদের মালিক।

 

অন্যদিকে, স্থাবর সম্পত্তি না থাকলেও শিশির মনিরের অস্থাবর সম্পদের মূল্য ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমাকৃত অর্থের পরিমাণ ২ হাজার ৩০০ টাকা। তাঁর হাতে নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা এবং বিভিন্ন যানবাহন বাবদ তাঁর সম্পদের মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ৪ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং উপহার হিসেবে প্রাপ্ত ২৫ ভরি স্বর্ণসহ তাঁর অর্জনকালীন ও বর্তমান মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা।

 

এছাড়া হলফনামায় শিশির মনির তাঁর নামে দুটি মামলার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি মামলা তদন্তাধীন ও অন্যটি বর্তমানে স্থগিত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা, শিশির মনির, সুমাইয়া সাদিয়া রায়হান, হলফনামা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জামায়াতে ইসলামি, এমপি প্রার্থী, আয়-সম্পদ, কোটিপতি, লাখপতি, নির্বাচন কমিশন, ইসি, বাংলাদেশ নির্বাচন