১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার

কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৫ জনকে পুশইন

প্রতিনিধি, কমলগঞ্জ, মৌলভীবাজার

প্রকাশঃ ৮ মে, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) ভোর রাতে এ অনুপ্রবেশের ঘটনা ঘটে। বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

ইউএনও জানান, বিজিবি ১৫ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের নড়াইল, খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায়।

তিনি বলেন, 'বিজিবি আমাদের জানিয়েছে যারা এসেছেন দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের আসাম রাজ্যে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দেয় এবং পরে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিকভাণ্ডার এলাকায় এনে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) হাতে তুলে দেয়। এরপর বিএসএফ তাদের মধ্যে কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে ‘পুশইন’ করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের মতে, এ দলে প্রায় ৩০০ জন মানুষ ছিল। তবে বাকি ব্যক্তিদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা তারা জানেন না।'

ইউএনও জানান, বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আমাকে বিজিবির তরফ থেকে জানানো হয়েছে। 

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গলের ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়াকে একাধিকবার ফোন করা হলে, তিনি কলটি রিসিভ করেননি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ধলই সীমান্ত অনুপ্রবেশ, কমলগঞ্জ অনুপ্রবেশকারী আটক, মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ