২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেট বৈছাআ'র সদস‍্য সচিব নুরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ মে, ২০২৫ ৪:১৫ অপরাহ্ন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। তাছাড়া দলটির সিলেট জেলা কমিটির সদস‍্য সচিব নুরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করেন নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (৮মে) সকালে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি সংগঠনের সদস্য সচিব নুরুল ইসলাম একটি ভুয়া ও ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলার আহ্বায়ককে অব্যাহতির ঘোষণা দেন, যা সম্পূর্ণ অবৈধ এবং সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। উল্লেখযোগ্য যে, সিলেট জেলা কমিটির ২৭২ সদস্যের মধ্যে ২৫৪ জন সদস্য এই সিদ্ধান্ত সম্পর্কে কোনো অবগত ছিলেন না এবং কেন্দ্রীয় কমিটিকেও বিষয়টি জানানো হয়নি।

সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, নুরুল ইসলাম পরবর্তীতে কোনো সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করেই সালমান আহমদ খোরশেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং আয়েশা সিদ্দিকা প্রিয়াকে ভারপ্রাপ্ত মুখপাত্র ঘোষণা করেন, যা একজন সদস্য সচিবের এখতিয়ারের বাইরে এবং সংগঠনের নিয়মনীতি পরিপন্থী।

এছাড়াও সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এসব সিদ্ধান্ত ও কর্মপন্থা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং অভ্যন্তরীণ বিভাজন তৈরি করছে। এ কারণে নুরুল ইসলামকে সিলেট জেলার সংগঠন থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। 

আহ্বায়ক আকতার হোসেন জানান, তিনি জেলা কমিটির সদস্যদের নিয়ে সংগঠনের কার্যক্রম দায়িত্বের সঙ্গে চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও বৈষম্যবিরোধী আন্দোলনের নীতি ও আদর্শে অবিচল থেকে কাজ করে যাবেন।

সংগঠনটি আবারও নিশ্চিত করেছে, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যার উদ্দেশ্য হলো সমাজে বৈষম্য, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সংগঠনের কয়েকজন পদপ্রাপ্ত সদস্য রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে সংগঠনের কাজেও যুক্ত থাকছেন, যা সংগঠনের মূলনীতির পরিপন্থী।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যদি কেউ কোনো রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনে যুক্ত হতে চান, তাহলে তাকে অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে অব্যাহতি নিতে হবে। অন্যথায় সাংগঠনিকভাবে নিয়মতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট সংবাদ সম্মেলন, নুরুল ইসলাম অবাঞ্ছিত, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ