২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

বাঁচতে চান লিভার সিরোসিসে আক্রান্ত আব্দুন নূর, পরিবারের আর্তনাদ

‘যা ছিল সব বিক্রি করেছি। এখন ওষুধ কেনার টাকাও নেই। আমার স্বামীকে বাঁচাতে সাহায্য করুন।’— স্ত্রী আসিয়া

মো. আক্তার হোসেন সুমন, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা আব্দুন নূর (৩০)। একসময় কর্মঠ, হাসিখুশি ও দায়িত্বশীল এক পরিবারের মূল ভরসা ছিলেন তিনি। কিন্তু নির্মম লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে আজ তিনি শয্যাশায়ী। জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে নিঃশব্দে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

 

এদিকে দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা করতে করতে সমস্ত সঞ্চয়, জমিজমা সবকিছু বিক্রি করে অসহায় আব্দুন নূরের পরিবার। এখন হাতে নেই চিকিৎসা চালানোর ন্যূনতম সামর্থ্যও।

 

অসুস্থ স্বামীকে বাঁচাতে দুই শিশু সন্তানকে বুকের কাছে জড়িয়ে দিন কাটছে স্ত্রী আসিয়া বেগমের। আর্থিক সংকট ও মানসিক অস্থিরতায় অনেকটাই ভেঙে পড়েছেন ওই গৃহবধু। তবুও আশা ছাড়ছেন না তিনি। অসুস্থ স্বামীকে বাঁচাতে লড়েযাচ্ছেন প্রতিনিয়ত। চেয়েছেন পাড়া, প্রতিবেশী ও মানুষের সহযোগিতা।

 

কান্নাজড়িত কণ্ঠে আসিয়া বেগম বলেন, ‘স্বামীর চিকিৎসার খরচ আর চালাতে পারছি না। যা ছিল সব বিক্রি করেছি। এখন ওষুধ কেনার টাকাও নেই। দয়া করে সবাই আমার স্বামীকে বাঁচাতে সাহায্য করুন।’

 

 এ সময় স্বামীর বিকাশ নম্বর দিয়ে (01778742408) সকলের সহযোগিতা কামনা করেন আসিয়া বেগম।

  

প্রতিবেশী ও এলাকাবাসীরা জানান, গত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় হাতেপায়ে ধরে সাহায্য সংগ্রহ করে চিকিৎসা চালানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন সবাই অসহায়। তাদের বিশ্বাস, সামান্য সহযোগিতাই আব্দুন নূরকে নতুন করে বাঁচার সুযোগ দিতে পারে।

 

স্থানীয়রা আরও বলেন, অভাব-অনটনের মাঝেও পরিবারটি সবসময় সৎভাবে, পরিশ্রমে জীবন কাটিয়েছে। আজ তাদের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ দোয়ারাবাজার রোগীর সহায়তা, আব্দুন নূর চিকিৎসা সহায়তা, লিভার সিরোসিস মানবিক আবেদন, অসুস্থ রোগীর আর্থিক সংকট, সাহায্যের আবেদন সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ