০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

এনইআইআর বাস্তবায়ন স্থগিতের দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ন


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটের মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টায় নগরীর বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এ কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ পাভেল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের লাখো মোবাইল ব্যবসায়ীর মতামত ও স্বার্থ বিবেচনা না করেই বিটিআরসি এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের দাবি, ‘মাফিয়া চক্রের নয়টি সিন্ডিকেটের’ প্রভাব ও চাপের কারণে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় বিশ লাখ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেকেরই কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, এনইআইআর চালু হলে বৈধ কাগজ থাকা সত্ত্বেও অনেক মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে ব্যর্থ হতে পারে। এতে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই ভোগান্তিতে পড়বেন। তাই সিদ্ধান্তটি দ্রুত স্থগিত করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নতুন পরিকল্পনা গ্রহণের দাবি জানান তাঁরা।

এদিকে বিটিআরসি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ ও ক্লোন আইএমইআই ব্যবহার করা মুঠোফোন বন্ধ করে দেওয়া হবে। বৈধভাবে আমদানি না হওয়া বা অনুমোদনবিহীন ফোন মোবাইল নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না। নতুন ব্যবস্থায় শুধুমাত্র বৈধ, মানসম্মত ও নিবন্ধিত ডিভাইস নেটওয়ার্কে সেবা পাবে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মানববন্ধন, বিটিআরসি, মোবাইল ব্যবসায়ী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ