০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ইউনাইট ফর গুড, সিলেটে ছয় রোটারি ক্লাবের যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৫ ৩:২৭ অপরাহ্ন


রোটারির বৈশ্বিক থিম ‘ইউনাইট ফর গুড’ সামনে রেখে সিলেটের ছয়টি রোটারি ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রোটারি হাসপাতাল মিলনায়তনে রোটারি ক্লাব অব জালালাবাদের আয়োজনে এই সভা হয়। এতে সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং যৌথ প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল। তিনি আনুষ্ঠানিকভাবে যৌথ সভার উদ্বোধন ঘোষণা করেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান প্রিন্সিপাল ফায়জুল হক এবং গীতাপাঠ করেন পিপি নীরেশ চন্দ্র দাস। জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন রোটারিয়ান রিনা রানী কর্মকার। দিনটির উদ্দেশ্য তুলে ধরেন পিডিজি সহীদ আহমদ চৌধুরী। রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি মোজাক্কির হোসেন কামালী।

সভায় ছয়টি ক্লাব একে একে তাদের বার্ষিক পরিকল্পনা ও চলমান প্রকল্প উপস্থাপন করে। রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সভাপতি জহিরুল ইসলাম। কার্যক্রম তুলে ধরেন পিপি কবিরুল ইসলাম এবং একটি দরিদ্র পরিবারের জন্য লো–কস্ট হাউজ নির্মাণ প্রকল্পের ঘোষণা দেন।

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের পক্ষ থেকে সভাপতি সেলীনা আক্তার চৌধুরী স্বাগত জানান। বক্তব্য দেন পিপি শাহ জামাল আহমদ। ক্লাব সেক্রেটারি চলমান প্রকল্পের রিপোর্ট উপস্থাপন করেন ও ক্লাবের পক্ষ থেকে একটি মাদ্রাসার রাস্তা পাকা করার প্রকল্পের কথা উল্লেখ করেন ।

রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ারের ক্লাব সভাপতি জিয়াউর রহমান খান চৌধুরী ক্লাবের পরিকল্পনা তুলে ধরেন। বক্তব্য দেন পিপি ফয়সল করিম মুন্না।

রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের সভাপতি মোস্তফা আজাদ ক্লাবের কার্যক্রম হিসেবে সেলাই প্রশিক্ষণ, শিশুদের খৎনা কার্যক্রম এবং এক পা-হারানো ব্যক্তিকে হুইলচেয়ার প্রদানের ঘোষণা দেন। বক্তব্য দেন রোটারিয়ান নুরুজ্জামান।

রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের সভাপতি আব্দুল হাসিব ক্লাবের পরিকল্পনা উপস্থাপন করেন। পিপি ফাহিম আহমদ চৌধুরী এবং পিপি এম. আসাদুজ্জামান সায়েম চলমান কার্যক্রম তুলে ধরেন। সভায় জানানো হয়, সিনিয়র সিটিজেনদের সুস্থতা নিয়ে সব ক্লাবের যৌথ উদ্যোগে একটি সেমিনার আয়োজন করা হবে।

রোটারি ক্লাব অব জালালাবাদের পক্ষ থেকে বক্তব্য দেন পিপি মাহবুব সোবহানী চৌধুরী। রোটাপ্লাস্ট মিশন নিয়ে বিস্তারিত জানান পিপি সুয়েব আহমদ মতিন। তিনি বলেন, আগামী ১১ থেকে ২৬ জানুয়ারি ২০২৬ ঠোঁট ও তালু কাটা এবং অগ্নিদগ্ধ রোগীদের জন্য বিনা–মূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হবে। মিশনের কান্ট্রি কো–অর্ডিনেটর হিসেবে দায়িত্বে থাকবেন পিডিজি এম. আতাউর রহমান পীর।

সবশেষে সার্জেন্ট অ্যাট আর্মস রিপোর্ট ও ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি মুহাম্মদ মনজুর আল বাছেত। রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি সবার সুস্বাস্থ্য কামনা করে যৌথ সভার সমাপ্তি ঘোষণা করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, রোটারি, ইউনাইট ফর গুড,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ