০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে পরিস্থিতি স্বাভাবিক, কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ১:১৯ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণকর কেন্দ্র করে কার্যক্রম স্থগিত হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের 'লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।


এ নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও সিলেটের পরিস্থিতি স্বাভাবিক। পরিস্থিতি মোকাবেলা করতে সিলেটজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।



এদিকে, সবকিছু নিয়ন্ত্রণে থাকলেও স্বাবাভাবিক দিনগুলোর তুলনায় সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল কিছুটা কম। আতঙ্কের কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কিছু বাস ছেড়ে যায়নি। একইভাবে ঢাকা থেকেও সিলেটে বাস কম প্রবেশ করেছে।


অন্যদিকে, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিভিন্ন স্থানে মিছিল বা মশাল মিছিল ও অস্থিতিশীল পরিবেশ  তৈরির অপচেষ্টাকারী আটক করতে মাঠে তৎপর রয়েছে পুলিশ। 


গত কয়েকদিন ধরে সিলেট মহানগরসহ জেলার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী ঘরানার অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের আটক ও গ্রেপ্তার চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট রেলওয়ে স্টেশন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে।


সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা্ কম থাকায় বাস কম ছেড়ে যাচ্ছে।’


সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার(মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ‘নগরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিলেটের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যে কোন বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ প্রস্তুত।’


সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পরিস্থিতি, স্বাভাবিক, কঠোর অবস্থান, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ