০৫ মে ২০২৬

দৈনন্দিন

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রতিনিধি জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ মে, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুরে অবস্থিত আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের আরবি প্রভাষক সামসুল হুদার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।


প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচালনা কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার মাদ্রাসা বন্ধ থাকলেও উপবৃত্তির ফরম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে ডেকে আনেন শিক্ষক সামসুল হুদা। পরে শিক্ষক মিলনায়তনে লোকজন না থাকার সুযোগে তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।


ভুক্তভোগী ছাত্রী কোনোমতে সেখান থেকে পালিয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সামসুল হুদার বিরুদ্ধে এর আগেও ২০১৫ সালে মুঠোফোনে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগে থানায় মামলা হলে তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন। পরে ২০১৮ সালে গভর্নিং বডির হস্তক্ষেপে তিনি পুনরায় চাকরিতে যোগ দেন।


উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, মাদ্রাসা শিক্ষক, শ্লীলতাহানি অভিযোগ, সাময়িক বরখাস্ত, সুনামগঞ্জ ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ