০১ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য / আমদানি-রপ্তানি

সিলেট থেকে তৃতীয় কার্গো ফ্লাইট যাচ্ছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ মে, ২০২৫ ১০:৩০ অপরাহ্ন

ছবিঃ প্রথম কার্গো ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৃতীয় কার্গো ফ্লাইট যাচ্ছে আগামী বৃহস্পতিবার (৮ মে)। তৃতীয় এই ফ্লাইটটিও দেশে তৈরি গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। 


এর আগে গত বৃহস্পতিবার (১ মে) রাত ১২টার দিকে দ্বিতীয় ফ্লাইট স্পেনের রিয়াল মাদ্রিদে গেছে। এদিন প্রায় ৫৮ মেট্রিক টন গার্মেন্টস পণ্য রপ্তানী করা হয়েছে। 


গত ২৭ এপ্রিল প্রথমবারের মতো সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। প্রথমদিন ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে যাত্রা শুরু হয়। 


এদিকে, উদ্বোধনের দিন বিমানবন্দর কর্তৃপক্ষ সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট চালু রাখার কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত সপ্তাহে একটি করে ফ্লাইটে দেশের পণ্য রপ্তানী করা হচ্ছে। 


গত ২৭ এপ্রিল স্বাধীনতার পর ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়েছে। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এদিন ঢাকার তিনটি প্রতিষ্ঠানের ৬০ গার্মেন্টস পণ্য নিয়ে প্রথম ফ্লাইট স্পেনের উদ্দেশ্যে রওয়ানা দেয়।  


ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ মে) রাত ১২টার দিকে দ্বিতীয় কার্গো ফ্লাইট স্পেনের রিয়াল মাদ্রিদে গেছে। এদিন বেলা সাড়ে তিনটার দিকে ফ্লাইটটি উড্ডয়ন করার কথা থাকলেও রাত ১২টার দিকে ফ্লাইট উড়াল দেয়। দ্বিতীয় ফ্লাইটে ঢাকার ১৫টি রপ্তানীকারক প্রতিষ্ঠানের ৫৭.৭ মেট্রিক টন ওজনের ৩ হাজার ১০০ কার্টুন গার্মেন্টস পণ্য নিয়ে কার্গো বিমানটি সিলেট ছেড়েছে। 


আরও জানা গেছে, আগামীকাল সোমবার দ্বিতীয় ফ্লাইটটি যাওয়ার কথা ছিল। কিন্তু আজ কার্গো না আসায় সোমবার কোনো ফ্লাইট যাবে না। নতুন শিডিউল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৮ মে) তৃতীয় ফ্লাইটটি সিলেট বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। 


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ সিলেট ভয়েসকে বলেন, তৃতীয় কার্গো ফ্লাইট আগামী বৃহস্পতিবার স্পেনের উদ্দেশ্যে যাবে। প্রথম মাস সপ্তাহে একটি করে ফ্লাইট যাবে। পরের মাস থেকে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইটে পণ্য রপ্তানী করা হবে।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট, কার্গো ফ্লাইট, স্পেন, গার্মেন্টস পণ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ