গোলাপগঞ্জের পাঁচ মাইল বাজারে ফের হামলার শিকার এনসিপির গাড়িবহর
রাজনীতি
প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
হবিগঞ্জে যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে মৌলভীবাজারে রাত কাটানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে তারা সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। তিনি বলেন, বুধবার রাতে দলের কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেন। বৃহস্পতিবার সিলেটে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তারা রওনা হয়েছেন। এর আগে বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করে তারা সার্কিট হাউসে ফিরে আসেন।
এর আগে বুধবার বিকেলে হবিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে গাড়িবহর নিয়ে রওনা হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ ভাস্কর্যের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়িবহরের পথরোধ করে। একই সঙ্গে সড়কের ওপর একটি খালি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।
এ সময় পুলিশের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসীরউদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ নেতাকর্মীদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে নেতাকর্মীরা পুলিশি বাধা অতিক্রম করে গাড়িবহর নিয়ে সামনে এগিয়ে যান।
তবে অল্প দূর এগোনোর পর হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় আবারও পুলিশ তাদের আটকে দেয়। সেখান থেকে কিছুটা এগিয়ে কামাইছড়া এলাকায় পৌঁছালে আরও একটি পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে গাড়িবহর।
পরে নাহিদ ইসলামসহ দলের নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন। দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপির প্রতিনিধিদের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়ার অনুমতি দেয়।
রাত ৮টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দাখিল করে। ওই অভিযোগে বাদী হন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল।
অভিযোগ দাখিলের সময় প্রতিনিধি দলে আরও ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. মাহমুদা মিতু এবং সারোয়ার আলম।
এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, জুলাই পদযাত্রা, নাহিদ ইসলাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এহসান জাকারিয়া, পুলিশের বাধা, কামাইছড়া পুলিশ ফাঁড়ি