১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

প্রভাবশালীদের হামলায় ঘরছাড়া কৃষক পরিবার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ন



সিলেট সদর উপজেলার মাখরকলা-সিদাইলগুল এলাকায় স্থানীয় প্রভাবশালীদের হামলায় ঘরছাড়া হয়েছেন এক কৃষক পরিবার। ঘুমন্ত অবস্থায় বসতঘরে হামলা, নারী-শিশুসহ ১৩ জনকে পিটিয়ে আহত করা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। থানায় মামলা করেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ—এমন অভিযোগ তুলে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কৃষক ইলিয়াস আলী ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইলিয়াস আলীর মেয়ে ও সাহেবেরবাজার হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শিপা আক্তার। সেখানে হামলায় আহত হওয়া পরিবারের ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শিপা আক্তার বলেন, আট বছর আগে তারা মাখরকলা-সিদাইলগুল এলাকায় জায়গা কিনে বসতঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। সম্প্রতি একই এলাকার আওয়ামী লীগ নেতা সুজন, তার ভাই রিপন, হেলাল ও জামালসহ কয়েকজন জোরপূর্বক তাদের বাড়ির রাস্তা দখল করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বসলে গত ৩ অক্টোবর রাত ১২টার দিকে তাদের পরিবারের ওপর হামলা চালানো হয়। হামলায় নারী, শিশু ও প্রবাসীসহ ১৩ জন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পরদিন (৪ অক্টোবর) ইলিয়াস আলীর ছেলে লায়েক মিয়া ১৯ জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন (মামলা নং–২/২০২৫)। এরপর ৯ অক্টোবর প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় ইলিয়াস আলীর স্ত্রী ইয়ারুন বিবি আরও একটি মামলা দায়ের করেন (মামলা নং–২৮৪/২০২৫) সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালতে।

তবে দুটি মামলার পরও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন ইলিয়াস আলীর পরিবার। বরং মামলার আসামিরা প্রভাব খাটিয়ে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এতে করে পরিবারটি বর্তমানে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছে।

ইলিয়াস আলী অভিযোগ করে বলেন, অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সুজন, জামাল, হেলাল ও খালিক আহমেদ। তারা দীর্ঘদিন ধরে দলের ছত্রছায়ায় থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পরও তাদের দৌরাত্ম বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, সিলেট জেলা প্রেসক্লাব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ