০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেট হয়ে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ মে, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ন


দীর্ঘ সময়ে চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে আগামী সোমবার (৫ মে) সিলেট হয়ে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (৩ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।


তিনি বলেন, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। ফ্লাইটটি সরাসরি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল ৯টায় অবতরণ করবে। সেখানে কিছু সময় অবস্থান করার পর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।


তিনি আরও বলেন, বিমানবন্দরে বেগম জিয়া কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না। তিনি উড়োজাহাজেই অবস্থান করবেন। দলের সিনিয়র নেতৃবৃন্দ বিমানে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানাবেন। পরে তাদের মাধ্যমে নেত্রীর বার্তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।


খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ও সিলেটের কৃতি সন্তান ডা. জোবায়দা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও সফরসঙ্গী হিসেবে থাকবেন।


স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছে, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও এখানে কোনো সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না। বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। এ সময় প্রায় ঘণ্টাখানেক খালেদা জিয়া সিলেটের বিমানবন্দরে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে সিলেটে অবস্থানরত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করবেন।


এদিকে শনিবার (৩ মে) এক বিবৃতিতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপির আওতাধীন ৬টি থানা, ৪২ ওয়ার্ড কমিটি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সকাল ৮টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।


উল্লেখ্য, ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া। পরে করোনা মহামারির সময় বিগত সরকার তাঁকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। পরে চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। টানা ১৭ দিন চিকিৎসা শেষে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ