০৫ মে ২০২৬

দৈনন্দিন

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড: সিলেটে জরুরী অবতরণ করা ফ্লাইটগুলো গেল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ন


ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে শনিবার (১৮ অক্টোবর) রাতেই ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে উড়াল দেয়।


ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইট বিকেল ৩টা ৩১ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে ৩৯৬ জন যাত্রী ছিলেন। এরপর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে এবং ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইটও সিলেটে নামে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, রিয়াদ ফ্লাইটের সিলেটের ১২ জন যাত্রী নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। বাকি যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনটি ফ্লাইটই ঢাকার উদ্দেশে রওনা দেয়—সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট রাত ১০টা ১ মিনিটে, রিয়াদ ফ্লাইট ১০টা ১৫ মিনিটে এবং মালদ্বীপ ফ্লাইট ১০টা ৪০ মিনিটে উড়াল দেয়।

এই ঘটনায় সিলেট থেকেও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছাড়ে। অন্যদিকে ঢাকায় যেতে ইচ্ছুক আটকে পড়া যাত্রীদের জন্য সিলেট জেলা প্রশাসন বিকল্প ব্যবস্থা নেয়। রাতে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনে বিমানযাত্রীদের জন্য অতিরিক্ত একটি বগি সংযোজন করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাহজালাল বিমানবন্দর, অগ্নিকাণ্ড, সিলেট, জরুরী অবতরণ, ফ্লাইট, ঢাকা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ