১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

সিলেটে আজ থেকে শুরু প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ অক্টোবর, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে শুরু হলো মাসব্যাপী প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। 

বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের জন্য এই ক্যাম্পেইন সফল করতে সবাইকে আহ্বান জানান।

এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনা মূল্যে এই টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকলেও শিশুরা এই টিকার আওতায় আসবে। 

রোববার সকাল ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে খান মো. রেজা-উন-নবী বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং টাইফয়েডের মতো রোগ থেকে রক্ষা করতে এই টিকা ক্যাম্পেইন সফল করতে হবে।

আজ থেকে স্থায়ী কেন্দ্রসমূহে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।

সিটি কর্পোরেশন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তিনি জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে এই টিকা দিয়ে টাইফয়েডের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করা সম্ভব। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, মিথ্যা তথ্য ও গুজবে কান না দিয়ে সব শিশুকে টিকা প্রদান নিশ্চিত করতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) এ টি এম সাইফুল ইসলাম, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি) ডা. সৈয়দ কামরুল হাসান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, ইউনিসেফ সিলেট ফিল্ড অফিসের প্রধান কাজী দিল আফরোজা ইসলাম প্রমুখ।

জেলা তথ্য অফিস জানায়, সিলেট বিভাগে এবার টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা প্রায় ৩০ লাখ। এর মধ্যে সিলেট জেলায় টিকা প্রদান করা হবে ১০ লাখ ১৬ হাজার ৫০২ জন শিশুকে। সিলেট সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া হবে ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শুরু, প্রথম, জাতীয়, টাইফয়েড, টিকাদান, কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ