২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

জগন্নাথপুরে নদী ভাঙন রোধে প্রকল্প লুটপাট অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ অক্টোবর, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-রৌয়াইল সড়কের বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ির সামনের অংশ কুশিয়ারা নদীর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলার একটি সরকারি প্রকল্প নেয়া হলেও, সংশ্লিষ্ট ঠিকাদার অল্প কিছু কাজ করে প্রকল্পের অধিকাংশ অর্থ লোপাট করেছেন বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী।


এ ঘটনার প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় ভাঙন কবলিত স্থানে ১৭টি গ্রামের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


মানববন্ধনে বক্তারা জানান, কুশিয়ারা নদীর ভাঙনে বালিশ্রী গ্রামের বসতবাড়িসহ পাকা সড়কটি বিলীন হয়ে যাচ্ছে। রানীগঞ্জ-রৌয়াইল বালিশ্রী সড়কটি ভাঙনের শিকার হওয়ায় স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ এলাকার ১৭টি গ্রামের জনসাধারণ দুর্ভোগে রয়েছেন। গোলজার মিয়ার বাড়ীর সামনে প্রায় দুইশত ফুট সড়ক একেবারে বিলীন হয়েছে। বক্তারা আরও জানান, ভাঙন কবলিত স্থানে ভাঙন রোধে ২০২৩ সালে পলাতক আওয়ামী লীগ সরকার ৫৪ লক্ষ টাকার সরকারি প্রকল্প বরাদ্দ করে। তবে প্রকল্পের নামমাত্র কাজ দেখিয়ে বেশিরভাগ অর্থ লুটপাট করেছিল সংশ্লিষ্টরা। 


বালিশ্রী গ্রামের আলতাউর রাহমান বলেন, আমাদের ১৭টি গ্রামের চলাচলের একমাত্র পাকা সড়কটি কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে, সরকার সড়কটি ভাঙ্গন রোধের জন্য জিও ব্যাগ প্রকল্প বরাদ্দ দেন, কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার অর্ধেক স্থানে জিও ব্যাগ ফেলে দিয়ে কাজ বন্ধ করে চলে যায়। 

 

আলমপুর গ্রামের আব্দুল মুক্তাদির খালেদ বলেন, সরকারি প্রকল্প এভাবে লোপাট করা নজিরবিহীন, যাঁরা সড়কের ভাঙ্গন প্রকল্প লোপাট করছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক।

 

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে বালিশ্রী সড়ক, এই সড়কটির ভাঙ্গন রোধের জন্য জিও ব্যাগ প্রকল্প দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ হয়নি, যে কোনো সময় যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এজন্য স্থায়ী ব্লক প্রকল্প দিয়ে সড়কটি রক্ষা করা প্রয়োজন। 

 

বালিশ্রী গ্রামের আলখাছ মিয়া বলেন, বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ীর সামনে সড়কটিকে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, লোকদেখানো কাজ করে ঠিকাদার উদাও, সড়কের প্রকল্প এভাবে বার বার লুটপাট করা হচ্ছে। 

 

মানববন্ধনে ১৭টি গ্রামের স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে এলাকাবাসী সড়কটি রক্ষা করার জন্য সরকারের কাছে দাবী জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, নদী ভাঙন, প্রকল্প প্রকল্প লুটপাট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ