০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৫ অপরাহ্ন


সিলেট নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। পারমিটের দাবিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তারা মিছিল বের করেন। ‘সিলেট ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সকালে চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন শত শত রিকশা চালক। সেখান থেকে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে তারা চৌহাট্টা পয়েন্টে আসেন এবং বাঁশ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশি উপস্থিতির কারণে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি। চালকদের উত্তেজিত স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হন। পথে পথে ‘পারমিট চাই’, ‘রিকশা চালাতে দাও’, ‘গরিবের পেটে লাথি মারো না’ এমন স্লোগানে মুখর করে তোলেন নগরীর সড়কগুলো। পরে বন্দরবাজার পয়েন্টে সমবেত হয়ে একই দাবিতে স্লোগান দেন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে আছেন।

এর আগে গত তিন দিনে নগরীতে পুলিশের অভিযানে শতাধিক যানবাহন আটক ও মামলা করা হয়েছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে আটক হয় ৬৯টি যানবাহন। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ছিল ৪৪টি। এছাড়া কাগজপত্র না থাকায় ৩১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। আটক যানবাহনের মধ্যে ছিল সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, পিকআপ, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।

শামীমাবাদ এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ১১টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় ১৪৫ ফুট তার, ১৮০টি চার্জিং পয়েন্ট ও ১০টি অবৈধ মিটার।

রিকশা চালকদের অভিযোগ, পারমিট না দিয়ে যানবাহন আটক ও মামলা দেওয়ার কারণে তারা জীবিকার সংকটে পড়েছেন। পরিবার–পরিজন নিয়ে বাঁচতে চাইলে পারমিট দেওয়া ছাড়া বিকল্প নেই বলে দাবি তাদের।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, রিকশা, ব্যাটারিচালিত রিকশা, জেলা প্রশাসক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ