২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সদর হাসপাতালে ২৫০০ কোটি টাকার ওষুধ নষ্ট, আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৭ অপরাহ্ন



সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে আড়াই কোটি টাকার সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়া এবং দীর্ঘদিনেও আইসিইউ চালু না হওয়ায় তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে হিউম্যানেটি ক্লাব।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু এবং সঞ্চালনা করেন হিউম্যানেটি ক্লাবের সভাপতি সুহেল আলম।

বক্তারা বলেন, সরকারি অর্থে কেনা বিপুল ওষুধ গুদামে অব্যবহৃত থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। অথচ প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে পর্যাপ্ত ওষুধের অভাবে ভোগান্তিতে পড়ছেন। দরিদ্র মানুষ চিকিৎসার আশায় হাসপাতালে গেলেও প্রয়োজনীয় সেবা পান না।

তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি চলছে। সম্প্রতি আড়াই কোটি টাকার ওষুধ নষ্ট হওয়া এর বড় প্রমাণ। হাসপাতালের জরুরি চিকিৎসা ব্যবস্থার অন্যতম চাহিদা আইসিইউ এখনো চালু হয়নি। ফলে দুর্ঘটনা বা সংকটাপন্ন রোগীদের দ্রুত চিকিৎসা দিতে না পেরে সিলেট বা ঢাকায় পাঠাতে হয়, এতে অনেক সময় রোগীরা মৃত্যুঝুঁকিতে পড়েন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জর্জ কোর্টের স্পেশাল পিপি (মানবপাচার) ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আমিরুল হক, মানবাধিকার কর্মী নুরুল হক, সুজন জেলা সহসভাপতি নুরুল হাসান আতাহের, সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, শফিউল আলমসহ অনেকে।

বক্তারা জানান, ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা ও আইসিইউ চালু করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ সদর হাসপাতাল, সুনামগঞ্জ, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ