২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

জগন্নাথপুরে রোপা-আমন ধানের চাষ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন


আবহাওয়া অনুকূলে থাকায় সময়মতো বীজতলা প্রস্তুত ও চারা ধান উৎপাদন করে এবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রোপা-আমন ধানের চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। তবে বন্যার পূর্বাভাস থাকায় এবারও দুর্যোগের আশঙ্কা নিয়েই ধানের চারা রোপন করছেন তারা।  

 

দেখা গেছে, সনাতন পদ্ধতির পাশাপাশি কৃষি ব্যয় সাশ্রয়ী  আধুনিক রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধান রোপণ করছেন কৃষকরা। 

 

জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, চলতি মৌসুমে রোপা-আমন ধান চাষাবাদের জন্য ৪৯০ হেক্টর বীজতলা প্রস্তুত করা হয়েছে। আবাদের জমির পরিমাণ প্রায় ৯ হাজার ৬১০ হেক্টর। ইতিমধ্যে ৪ হাজার ৯৯৭ হেক্টর জমিতে ধানের চারা রোপণ শেষ হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই রোপণ শেষ হতে পারে। 

 

কৃষি সম্প্রসারণ অফিস আরও জানায়, চলতি মৌসুমে উপজেলাজুড়ে ৩৮,১৭৬.৫ মেট্রিকটন আমন ও ২৫, ৪৫১ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলার এক হাজার ৫০ জন কৃষককে সরকারি প্রণোদনা হিসেবে বীজ ও সার সহায়তা করা হয়েছে।

 

মিরপুর ইউনিয়নের নবী নগরের কৃষক মাহমুদ মিয়া বলেন, ‘খরচ বেশি হওয়ায় এ বছর ৫ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি, আবহাওয়া ভালো হলে ফলন ভালো হবে।’

 

একই ইউনিয়নের আধুয়া গ্রামের আশরাফ মিয়া বলেন, সরকারি প্রনোদণার সার বীজ পেয়েছি, বন্যা না থাকায় সময়মতো বীজতলা তৈরি করে ১০ বিঘা জমিতে আমন ধান রোপণ করছি। 

 

রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের কৃষক মুন্না মিয়া বলেন, ১৫ বিঘা জমিতে আমন ধান রোপণ করবো, এবার প্রথম রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে রোপণ করছি, দ্রুত সময়ে অল্প খরচে চারা ধান রোপণ করা সম্ভব হয়েছে।

 

পাইলগাঁও ইউনিয়নের মশাজান গ্রামের টিপু সুলতান বলেন, কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় আমাদের জমি, প্রতি বছর বন্যার আশঙ্কা থাকে, এবারও বন্যার আশঙ্কা ছিল, তবুও ২৫ বিঘা জমিতে আমন ধান রোপণ শুরু করেছি, চলতি সপ্তাহে রোপণ শেষ হবে। বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে আলাপ করলে তারা জানান, আগামী সপ্তাহে রোপণ শেষ হবে এবং ভালো ফলন হবে বলে আশাবাদী।

 

জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ বলেন, বোরো ফসলের পরেই আমন ধান দ্বিতীয় জনপ্রিয় ফসল, গতবছর ৯ হাজার ৪শত ৬ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছিল। এবার ৯ হাজার ৬শত ১০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হবে। চাষের জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আবহাওয়া ভালো, বৃষ্টি হচ্ছে পানির সরবরাহ হলে কৃষকরা রোপণ করেন। এবার জনপ্রিয় ধান ব্রি-১০৩ ও নতুন জাত ১১০ প্রথম বার চাষাবাদ হচ্ছে, দেখবো মাঠে কেমন ফলন হয়, এছাড়াও ব্রি ৯৩ ও ব্রি ৯৫ জাতের ধান চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। উপজেলা কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, আমন ধান, ধান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ